যুক্তরাজ্যের বৃহত্তম বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর দুই-তৃতীয়াংশেরও বেশি কোম্পানি প্রচলিত টিভি বিজ্ঞাপনী ব্যয় কমানোর পরিকল্পনা করছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে টিভি বিজ্ঞাপন থেকে বেরিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল মিডিয়ায় ঝোঁকা এতে প্রভাবকের ভূমিকা পালন করছে। খবর দ্য গার্ডিয়ান।
ইনকরপোরেটেড সোসাইটি অব ব্রিটিশ অ্যাডভার্টাইজার (আইএসবিএ) ও মিডিয়া বিনিয়োগ বিশ্লেষক ইভিকিউটির পরিচালিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৫৯টি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান তাদের টিভি বিজ্ঞাপনী ব্যয়ের বাজেট ৬৭ শতাংশ হ্রাস করেছে। সামগ্রিক জরিপে দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ প্রতিষ্ঠান তাদের প্রচলিত বিজ্ঞাপনমাধ্যম যেমন টিভি, রেডিও, পত্রিকা, বিলবোর্ড, গণপরিবহন এবং পোস্টারিং বিজ্ঞাপনী ধারায় ব্যয় কমানোর ইচ্ছা প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের অর্থনীতি মন্দার মধ্যে আছে এমন যুক্তি দিয়ে সম্প্রতি অর্থমন্ত্রী জেরেমি হান্ট উচ্চমাত্রায় করহার বাড়িয়েছেন। এর পর পরই গার্ডিয়ানে প্রকাশিত জরিপে দেখা যায়, শীর্ষ ১০ বিজ্ঞাপনদাতার মধ্যে তিনটি ও শীর্ষ ৫০ বিজ্ঞাপনদাতার মধ্যে ১১টি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ১৫০ কোটি ডলার বিজ্ঞাপনী ব্যয়ের বাজেট করেছে, যা আগের তুলনায় অনেকাংশে কম।
প্রতিবেদনটিতে যদিও নির্দিষ্ট করে বিজ্ঞাপনদাতাদের নাম প্রকাশ করেনি। তবে বর্তমানে যুক্তরাজ্যের যে ১০ কোম্পানি বিজ্ঞাপনে সর্বোচ্চ ব্যয় করে তার মধ্যে রয়েছে ইউনিলিভার, স্কাই, বিটি, টেসকো, আসদা, ভার্জিন মিডিয়া, ল’রিয়েল, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল।










