যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে ভুট্টার দাম বেড়েছে। বৈশ্বিক সরবরাহ নিয়ে সৃষ্ট উদ্বেগের মধ্যে বাজারের চাহিদা ও মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) শস্যটি আবাদের পরিমাণ সীমিত করে। এতে ভুট্টার দাম বেড়ে যায়। শিকাগো বোর্ড অব ট্রেডে ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি বুশেলে ৬ দশমিক ৬২ ডলারে উন্নীত হয়েছে। পাশাপাশি গম ও সয়াবিনের দামও ১ শতাংশ করে বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স।
ইউএসডিএ বলছে, যুক্তরাষ্ট্রের কৃষকরা তাদের ভুট্টা আবাদের জন্য নির্ধারিত ৮০ শতাংশ জমিতেই এবার ভুট্টা আবাদ করেছে। গত পাঁচ বছরের তুলনায় ভুট্টা আবাদি জমির পরিমাণ ৬৮ শতাংশ বেড়েছে। এদিকে ভুট্টার বৈশ্বিক সরবরাহ সংকট বৃদ্ধির ফলে চাহিদা জোরদার হয়েছে। তবে বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, ইউএসডিএর ভুট্টা আবাদসংক্রান্ত প্রতিবেদন খাদ্যশস্যটির প্রবৃদ্ধির কথা জানান দিচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে সৃষ্ট সরবরাহ সংকট কমতে পারে। মার্কিন কৃষি বিভাগ জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমে সরবরাহের জন্য বেসরকারি রফতানিকারকরা চীনে ১৭ লাখ টন ভুট্টা বিক্রি করেছে।
এদিকে শিকাগো বোর্ড অব ট্রেডে সবচেয়ে বেশি লেনদেন হওয়া গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি বুশেলে ৭ দশমিক ৮ ডলারে উন্নীত হয়েছে। যুক্তরাষ্ট্রে এ বছর ৪৮ শতাংশ উইন্টার হুইটের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ। অন্যদিকে সর্বাধিক লেনদেন হওয়া সয়াবিনের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১৫ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।










