যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে সম্প্রতি অনুষ্ঠিত হয় বিদ্যুচ্চালিত মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বার্ষিক সভা। প্রধান নির্বাহী ইলোন মাস্ক সেখানে নতুন এক ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন কোম্পানির শেয়ারহোল্ডারদের। সবার উদ্দেশে মাস্ক জানান, টেসলা এর ইতিহাসে প্রথমবারের মতো বিজ্ঞাপন দেয়ার পরিকল্পনা করছে। ‘আমরা এবার বিজ্ঞাপন দেয়ার চেষ্টা করব এবং দেখব তা কেমন হয়’—বার্ষিক সভায় একজন শেয়ারহোল্ডারের প্রতিক্রিয়ায় মাস্ক এ কথা বলেন। খবর সিএনএন।

বিজ্ঞাপনের সিদ্ধান্ত জানানোর পর শেয়ারহোল্ডারদের কাছ থেকে ইতিবাচক সাড়া আসে। যদিও বছরের পর বছর ধরে মাস্ক পরামর্শ দিয়েছেন, তার কোম্পানির বিজ্ঞাপনের কোনো দরকার নেই। কারণ টেসলার যানবাহনের চাহিদা সরবরাহের তুলনায় বেশি। তাই ইতিহাসে প্রথমবার টেসলার বিজ্ঞাপনের সিদ্ধান্তটি বড় ধরনের বাঁকবদল বলে মনে করা হচ্ছে। এ সময় মাস্ক বলেন, ‘আমি বিষয়টি আগে বুঝতে পারিনি যে বিজ্ঞাপনের বিষয়ে সবাই এতটা আগ্রহী।’

বৈঠকের পরে সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘বিজ্ঞাপনের বিষয়টি এমন কিছু নয়। সভায় এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করার আগে তিনি কিছু ভাবেননি।’

২০১৯ সালে এক টুইটে মাস্ক বলেছিলেন, টেসলা বিজ্ঞাপন দেয় না বা অনুমোদনের জন্য অর্থ প্রদান করে না। এর পরিবর্তে ওই অর্থ পণ্যের গুণগতমান উন্নতির পেছনে ব্যয় করা হয়।

বর্ধিত প্রতিযোগিতা ও ক্রমবর্ধমান সুদহার চলতি বছর টেসলাকে ধারাবাহিকভাবে মূল্যহ্রাসের দিকে পরিচালিত করেছে, যা সংকুচিত করেছে টেসলার মুনাফা মার্জিনকেও। যদিও তারা অন্যদের তুলনায় লাভজনক অবস্থায় রয়েছে।

এর আগে টুইটার ঘিরে বিজ্ঞাপন সম্পর্কিত এক মন্তব্যে মাস্ক বলেছিলেন, এটি সত্যিই হাস্যকর যে টুইটার বিজ্ঞাপনের ওপর অত্যন্ত নির্ভরশীল। তবে মনোভাব বদলেছে মাস্কের। বিজ্ঞাপনের পক্ষে তিনি বলছেন, বিজ্ঞাপন দুর্দান্ত, প্রত্যেকেরই তা করা উচিত।