জুলাইয়ে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের প্রথম মাসেই ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বেড়ে ২৪ লাখ ৭০ হাজার টনে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ১ লাখ ৩৬ হাজার টন। দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও নাসডাক।
মোট রফতানীকৃত খাদ্যশস্যের মধ্যে ৬ লাখ ৯৪ হাজার টন গম, ৮ লাখ ২১ হাজার টন যব ও ৯ লাখ ৩৯ হাজার টন ভুট্টা রফতানি হয়েছে।
চলতি মৌসুমে ৭ কোটি ৬০ লাখ টন খাদ্যশস্য মাড়াইয়ের পরিকল্পনা রয়েছে ইউক্রেনের। গত মৌসুমে মাড়াই করা হয়েছিল ৬ কোটি ৫০ লাখ টন।
দেশটির সরকার জানায়, ২০২১-২২ মৌসুমে ৫ কোটি ৬০ লাখ টন খাদ্যশস্য রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ইউক্রেনের। এর মধ্যে ২ কোটি ৭ লাখ টন গম, ৩ কোটি ৭ লাখ টন ভুট্টা ও ৪১ লাখ টন যব রফতানি করা হবে।
কৃষি মন্ত্রণালয় আরো জানায়, বিদায়ী মৌসুমে ইউক্রেন সব মিলিয়ে ৪ কোটি ৪৭ লাখ টন খাদ্যশস্য রফতানিতে সক্ষম হয়েছে। এর মধ্যে ২ কোটি ৩১ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬৬ লাখ টন গম ও ৪২ লাখ টন যব রফতানি করা হয়।










