টয়োটা মোটর করপোরেশনের আয় অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে। মহামারীর অভিঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে চাহিদা ও বিক্রি দুটোই বেড়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির। খবর জাপান টুডে।
টয়োটার এপ্রিল-জুন প্রান্তিকে আয় বেড়েছে ৭৮ শতাংশ। কোম্পানির প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত বছরে আয় ছিল ৭৩ হাজার ৬৮০ কোটি ইয়েন। প্রান্তিকওয়ারি বিক্রি ২৪ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন বা ৭ হাজার ৪০০ ডলারে দাঁড়িয়েছে। জাপান ও উত্তর আমেরিকার অধিকাংশ বাজারেই বেড়েছে গাড়ি সরবরাহ।
এর আগে চিপ সংকটে সংকুচিত হয়েছিল গাড়ি নির্মাণ। কিন্তু সাম্প্রতিক অগ্রগতিতে সমস্যা সমাধানের চিহ্ন প্রমাণিত হচ্ছে। যদিও পুরোপুরি সমাধান কবে হবে, সে বিষয়ে এখনো প্রশ্ন রয়েই গেছে। প্রান্তিকওয়ারি বিক্রি চলতি বছরে ২৩ লাখ গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরে ছিল ২০ লাখ। হাইব্রিড মডেলের গাড়ির চাহিদা বেশি বেড়েছে। হাইব্রিড গাড়ির জগতে দীর্ঘদিন ধরেই টয়োটা শীর্ষস্থান ধরে রেখেছে। একই সঙ্গে বিদ্যুচ্চালিত গাড়ির বাজারেও রেখেছে প্রতিযোগিতা।
সম্প্রতি কোম্পানিটি ব্যাটারিচালিত গাড়ি বিক্রি বাড়ানোর ব্যাপারে ঘোষণা দিয়েছে। প্রথম প্রান্তিকে টয়োটার ইভি বিক্রি হয়েছে ২৯ হাজার। গত বছরের এ সময়ে ইভি বিক্রি হয়েছিল ৪ হাজার টি।










