ফ্রান্সের পর্যটন সংস্থা কারাভেল অধিগ্রহণ করতে যাচ্ছে আমিরাতের আবুধাবি ইন্টারন্যাশনাল এক্সিবিউশন সেন্টার (এডিএনইসি)। এডিএনইসি প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে এরই মধ্যে ট্যুরিজম৩৬৫, ক্যাপিটাল এক্সপেরিয়েনস, ক্যাপিটাল ট্রাভেল, ক্যাপিটাল হলিডে, ইতিহাদ হলিডেজ ও ক্যাপিটাল ড্রাইভ অন্তর্ভুক্ত রয়েছে। খবর গালফ নিউজ।

প্রতিষ্ঠানটি দেশের বাইরে ব্যবসার পরিধি বাড়ানোর অংশ হিসেবে কারাভেলকে অধিগ্রহণ করতে যাচ্ছে। 

এডিএনইসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হুমাইদ মাতার আল ধাহেরি বলেন, ‘আমাদের ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের পর্যটন সুবিধাগুলোর মধ্যে দুর্দান্ত সমন্বয় দেখতে পাচ্ছি। ক্রস-সাংস্কৃতিক ছুটি বিনিময়ের প্রচার, সংস্কৃতিকে আরো উন্নত করাসহ আবুধাবিকে পর্যটনের অন্যতম স্থান হিসেবে প্রতিষ্ঠায় ঘনিষ্ঠভাবে কাজ করব।’ 

তিনি আরো বলেন, ‘ইউরোপ ও ক্যারিবিয়ানে ফ্রান্সের নাগরিকদের ভ্রমণ ও ছুটির দিনগুলো সেবা দেয়ার ক্ষেত্রে কারাভেলের সাফল্যের ইতিহাস রয়েছে, যা ইউরোপে এডিএনইসির বিস্তার ঘটাতে সাহায্য করবে।’