উপায় সম্প্রতি দেশের ফ্রিল্যান্সার ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি মিট-আপের আয়োজন করে। আয়োজনে এ খাতের সম্ভাবনা এবং ফ্রিল্যান্সারদের পেশাগত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। রাজধানীর গুলশানে ইউসিবি’র প্রধান কার্যালয়ে ‘ফ্রিল্যান্সারস কন্ট্রিবিউশন টু বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড এমএফএস অ্যাজ গ্রোথ ফ্যাসিলিটেটর’ – এ প্রতিপাদ্য নিয়ে মিটআপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও উপায়ের পরিচালনা পর্ষদ সদস্য এটিএম তাহমিদুজ্জামান; উপায়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সৈয়দ মো. এনামুল কবির এবং স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মৌলুদ হোসেনসহ ইউসিবি ও উপায়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেশন পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান। বিভিন্ন পেশা ও বয়সের ত্রিশের বেশি ফ্রিল্যান্সার স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ নেন। তিনি বলেন, আমাদের ফ্রিল্যান্সারদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়; যার মধ্যে রয়েছে দৈনিক ও মাসিক লেনদেনের অপর্যাপ্ত সীমা, মুদ্রা বিনিময় হার ও প্রণোদনা পাওয়া সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা। যদিও, সামগ্রিকভাবে এ অবস্থার উন্নতি হচ্ছে। এখন ফ্রিল্যান্সিং কাজের জন্য নতুন নতুন স্বীকৃত চ্যানেল হচ্ছে। তবে, উন্নতির এ প্রক্রিয়াকে আমাদের ত্বরান্বিত করতে হবে।

এটিএম তাহমিদুজ্জামান বলেন, ‘গত বছর বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে অনুসারে বিশ্বের মোট ফ্রিল্যান্সারের ১৪ শতাংশ বাংলাদেশ থেকে। আমরা যদি এই বিপুল পরিমাণ ফ্রিল্যান্সারদের সঠিক ও সময়োপযোগী সমাধান দিয়ে দক্ষ করে তুলতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ফ্রিল্যান্সাররাও সহজে উপায় ওয়ালেট ব্যবহারের সুবিধা নিয়ে মতামত ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং এক্ষেত্রে উপায় ও ইউসিবির প্রচেষ্টার প্রশংসা করেন। সহজে বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারায় তারা ইউসিবি-উপায় প্রিপেইড কার্ডের প্রশংসা করেন। এছাড়া, ডিজিটাল মিডিয়া মার্কেটিং পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন এবং অফলাইন) এবং বিশ্বব্যাপী এটিএম নগদ উত্তোলন সুবিধা থাকার কারণে ইউসিবি-উপায় প্রিপেইড কার্ড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপস্থিত ফ্রিল্যান্সাররা।- বিজ্ঞপ্তি