নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চলমান লকডাউনের মাঝে পেট্রল ও ডিজেলের মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়িয়েছে দিল্লি সরকার। এর মধ্যে ডিজেলের ভ্যাট বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। ফলে ভারতের রাজধানীতে বেড়ে গেছে জ্বালানি পণ্য দুটির দাম। খবর বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস।
আগে দিল্লিতে পেট্রল কিনতে গেলে ২৭ শতাংশ ভ্যাট দিতে হতো।
মঙ্গলবার সরকারি আদেশে এর পরিমাণ বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে ডিজেলের ভ্যাটও বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করেছে দিল্লি সরকার। আগে এর পরিমাণ ছিল ১৬ দশমিক ৭৫ শতাংশ।
ভ্যাট বেড়ে যাওয়ায় দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম আগের তুলনায় চাঙ্গা হয়ে উঠেছে। গতকাল প্রতি লিটার পেট্রল ৭১ দশমিক ২৬ রুপি (ভারতীয় মুদ্রা) বা ৯৫ সেন্টে বিক্রি হয়েছে। জ্বালানি পণ্যটির দাম বেড়েছে লিটারে ১ দশমিক ৬৭ রুপি।
অন্যদিকে ভ্যাট বাড়ানোর পর দিল্লিতে প্রতি লিটার ডিজেল ৬৯ দশমিক ৩৯ রুপি বা ৯২ সেন্টে বিক্রি হয়েছে। প্রতি লিটারে ডিজেলের দাম ৭ দশমিক ১ রুপি বেড়েছে।
নভেল করোনাভাইরাস প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হয়েছে। আরেক দফা মেয়াদ বাড়ানো না হলে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলার কথা রয়েছে। লকডাউনের মাঝে স্থবির হয়ে যাওয়া অর্থনীতির গতি ফেরাতে ও সরকারি আয় বাড়াতে পেট্রল ও ডিজেলের ভ্যাট বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।










