মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যখন অর্থ আদান প্রদান হয়, তখন লেনদেন সম্পূর্ণরূপে নিষ্পত্তি হতে কয়েক দিন সময় লাগে। এ ধরনের কালক্ষেপণ ব্যক্তি ও ব্যবসার জন্য খানিকটা অসুবিধাজনক। তাই দীর্ঘদিন ধরে দ্রুত আর্থিক পরিষেবা প্রাপ্তির জন্য অপেক্ষা করেছিলেন মার্কিনরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ফেডারেল রিজার্ভের বরাতে খালিজ টাইমসে প্রকাশিত খবরে বলা হয়, ফেডনাউ নামের নতুন পরিষেবার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অর্থ লেনদেন করা সম্ভব। দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহের সাতদিনই তহবিল প্রেরণ এবং গ্রহণ করার অনুমতি দিয়ে ফেড দেশের অর্থপ্রদানের ব্যবস্থাকে আধুনিকীকরণ করার লক্ষ্য রাখবে। খবর খালিজ টাইমস।
যুক্তরাজ্য, ভারত, ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়নের মতো আরো কয়েকটি দেশে তাৎক্ষণিক অর্থপ্রদান পরিষেবা বিদ্যমান। এ অবস্থায় ২০১৯ সাল থেকে ফেডনাউ ঘিরে কাজ শুরু হয়। ফেডনাউ পরিষেবাটি চালু হচ্ছে ৪১টি ব্যাংক ও ১৫টি আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়ে। যেখানে কমিউনিটি ব্যাংকসহ জেপি মরগান চেজ, ব্যাংক অব নিউইয়র্ক মেলন ও ইউএস ব্যানক্রপের মতো বড় ঋণদাতা প্রতিষ্ঠানও রয়েছে। চলতি বছর আরো বিভিন্ন ব্যাংকের পাশাপাশি ক্রেডিট ইউনিয়নগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার ফেডের পক্ষ থেকে এ বিবৃতিতে বলা হয়, ট্রেজারি বিভাগের ফিসক্যাল সার্ভিস ব্যুরোর পাশাপাশি ৩৫টি ব্যাংক ও ক্রেডিট ইউনিয়ন বর্তমানে পরিষেবাটি ব্যবহার করছে।
পরিষেবাটি প্রাইভেট সেক্টরের রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরিষেবাটি ঘিরে ক্লিয়ারিং হাউজের আরটিপি নেটওয়ার্কসহ বড় ব্যাংকগুলো প্রাথমিকভাবে বিরোধিতা করে বলেছিল, এটি অপ্রয়োজনীয়। তবে বেশির ভাগই পরিষেবাটির পক্ষে যুক্তি দিয়ে বলে, ফেডনাউয়ের মাধ্যমে তারা অনেক বেশি গ্রাহকের কাছে পৌঁছতে ও কার্যক্রম প্রসারিত করতে সক্ষম হবে।
ইউএস ব্যাংকের গ্লোবাল পেয়েবল অ্যান্ড এমবেডেড পেমেন্টের প্রধান আনু সোমানি বলেন, ‘ফেডনাউ কার্যক্রম সম্প্রসারণে চমৎকার একটি পন্থা। ভেনমো বা পেপ্যালের মতো পিয়ার-টু-পিয়ার লেনদেন ব্যবস্থার বিপরীতে ফেডনাউ ব্যাংকগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। ফেডনাউয়ের মাধ্যমে করা লেনদেনগুলো সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে।’
পরিষেবাটি ছাড়াও ফেডওয়ার নামে আরো একটি রিয়েল টাইম লেনদেন ব্যবস্থা চালু করা হয়েছে, যা আরো বড় পরিসরে করপোরেট পেমেন্টের জন্য সংরক্ষিত এবং নির্দিষ্ট ব্যবসায়িক সময়ের মধ্যে চালু থাকবে। তবে ফেডনাউ সেবাটি সবার জন্য উন্মুক্ত। বিশ্লেষকরা বলেছেন সম্ভবত ভোক্তা ও ছোট ব্যবসাগুলো এ পরিষেবার মাধ্যমে বেশি উপকৃত হবে।
যদিও ফেডনাউয়ের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে দ্রুত তহবিলের বহিঃপ্রবাহের বিষয়টির দিকে ইঙ্গিত করে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু ফেড কর্মকর্তারা এ উদ্বেগগুলোর বিপরীতে যুক্তি দিয়েছেন যে বহিঃপ্রবাহের প্রশমিত করার জন্য ব্যাংকগুলোর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। শুরুতে সর্বোচ্চ অর্থপ্রদানের সীমা থাকবে ৫ লাখ ডলার। তবে প্রয়োজনে ব্যাংকগুলো এর পরিমাণ কমাতে পারবে।










