২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত। মার্কিন বিনিয়োগকারী সংস্থা মরগান স্ট্যানলির এক পূর্বাভাসে এ দাবি করা হয়েছে। খবর এনডিটিভি।

পূর্বাভাসে বলা হয়েছে, বিনিয়োগ বাড়াতে নীতিগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন, জনমিতিক সুবিধা ও সরকারি ডিজিটাল অবকাঠামো ভারতের অর্থনীতি বিশ্বে তৃতীয় স্থানে আসবে।

এতে আরো বলা হয়, ভারতের মোট দেশীয় পণ্য (জিডিপি) আগামী ১০ বছরে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার থেকে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে। 

মরগান স্ট্যানলির এশিয়া বিষয়ক মুখ্য অর্থনীতিবিদ চেতন আহিয়া ফিন্যানশিয়াল টাইমসে লিখেন, প্রতিবছর ভারতের জিডিপি ৪০ হাজার কোটি ডলার করে সম্প্রসারিত হবে। এরকম প্রবৃদ্ধি শুধু যুক্তরাষ্ট্র ও চীনের রয়েছে।

চীনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, ভারতের জিডিপি এখন যে অবস্থানে রয়েছে, ২০০৭ সালে চীনের সে অবস্থানে ছিল। অর্থাৎ চীনের সঙ্গে ভারতের জিডিপির ব্যবধান রয়েছে ১৫ বছরের। কিন্তু চীনের জনসংখ্যার চেয়ে ভারতের জনসংখ্যার বয়স তুলনামূলক কম। এতে ভারত উৎপাদন ও মানব সম্পদে চীনের চেয়ে এগিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী দশক নাগাদ ভারতের জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৬ দশমিক ৫ শতাংশ ও চীনের জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৩ দশমিক ৬ শতাংশ থাকবে। 

মরগান স্ট্যানলির রিপোর্ট অনযায়ী, পণ্য এবং পরিষেবা কর বা জিএসটি-র মতো সংস্কার ভারতীয় অর্থনীতিকে গতিশীল করেছে। কর্পোরেট কর ছাড়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। সরকারের উৎপাদন সম্পর্কিত আর্থিক সহায়তার ডিজিটাল প্রকল্পগুলোও অর্থনীতিকে মজবুত করেছে।