টেসলার নতুন ব্যাটারি উৎপাদনের সময় পিছিয়েছে প্যানাসনিক। জাপানি প্রযুক্তি পণ্য নির্মাতাটি সম্প্রতি টেসলার সিইও ইলোন মাস্কের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। প্যানাসনিক জানিয়েছে, টেসলার জন্য ৪৬৮০ ব্যাটারি সেল বাণিজ্যিকভাবে উৎপাদনের সময় পেছানো হবে। ২০২৪ সালের এপ্রিল-সেপ্টেম্বরে পুনরায় এর কার্যক্রম শুরু করা হবে। ব্যাটারির কার্যক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নির্মাতা প্রতিষ্ঠানটির।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, টেসলার জাপানি সরবরাহকারী প্যানাসনিক এর আগে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে টেসলার জন্য বড় ধরনের উৎপাদন শুরুর পরিকল্পনা করেছিল। প্যানাসনিক কর্তৃপক্ষ ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের প্রথম প্রান্তিকের কথা উল্লেখ করে বলেছে, ‘প্রতিযোগিতা আরো বাড়িয়ে তুলবে এমন পণ্য উৎপাদনের লক্ষ্যে সময় পুনরায় নির্ধারণ হয়েছে।’
প্যানাসনিক জাপানের ওয়াকায়ামা কারখানায় ৪৬৮০ ব্যাটারি উৎপাদনের একটি পাইলট কার্যক্রম চালাচ্ছে। যেখানে টেসলা এরই মধ্যে ৪৬৮০ ব্যাটারির সেল উৎপাদন করছে। এ ব্যাটারিকে ইলোন মাস্ক কম মূল্যের ও আকর্ষণীয় বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) মূল চাবিকাঠি বলে উল্লেখ করেছেন। কিন্তু গাড়ি নির্মাতা সংস্থাটি সেলগুলোর উৎপাদন ও কর্মক্ষমতা নিয়ে তাদের লক্ষ্য পূরণে লড়াই করছে।
ড্রু ব্যাগলিনো নামে টেসলার একজন এক্সিকিউটিভ বলেন, ‘আগামী বছর সাইবারট্রাকের উৎপাদন শুরু হওয়ার আগে কোম্পানি ৪৬৮০ ব্যাটারি সেলের উৎপাদন ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা করছে। টেসলা বর্তমানে মডেল ওয়াইয়ের সেল ব্যবহার করে। ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে ইভি নির্মাতাটির কারখানায় ৪৬৮০ ব্যাটারির সেল তৈরি করা হচ্ছে।’
টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের শেষ নাগাদ তারা প্রতি সপ্তাহে এক হাজারের অধিক গাড়ির ব্যাটারি উৎপাদন করেছে। টেক্সাসে তাদের কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতার যা প্রায় এক-পঞ্চমাংশের সমান। এছাড়া টেসলার দক্ষিণ কোরিয়ার সরবরাহকারী এলজি এনার্জি সলিউশন এপ্রিলে বলেছিল, এটি চলতি বছরের শেষ নাগাদ তাদের দেশীয় কারখানায় একটি নতুন ৪৬৮০ উৎপাদন লাইন স্থাপন করার পরিকল্পনা করেছে। অবশ্য কখন ব্যাটারিগুলো উৎপাদন শুরু করবে সে বিষয়ে কিছু জানায়নি।










