এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ভিসা ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান।

ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। অভিভাবকের গ্যারান্টির মাধ্যমে কার্ডটি ঝুঁকি ব্যবস্থাপনায় সুরক্ষিত কাঠামো নিশ্চিত করবে। নিয়ন্ত্রিত ও নিরাপদ ক্রেডিট সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, ডিজিটাল এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ব্যবস্থাপনায় সহায়তা করা এবং অল্প বয়স থেকেই দায়িত্বশীল আর্থিক আচরণ গড়ে তোলা এ কার্ডের মূল উদ্দেশ্য।

সাউথইস্ট ব্যাংক বলছে, এ উদ্যোগ দেশের কার্ড শিল্পে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া এটি যুব সমাজের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল ঋণ সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের কৌশলগত অঙ্গীকারকে প্রতিফলিত করে।