পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। তিনি মাস্টারকার্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বব্যাংকের গভর্নরদের বোর্ড তাকে নির্বাচন করেছে। তাদের আশা জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি ঋণদান কার্যক্রম পরিচালনায় ভারতীয় এ অর্থ ও উন্নয়ন বিশেষজ্ঞ উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৬৩ বছর বয়সী বাঙ্গাকে এ পদের জন্য মনোনয়ন দেন। বিশ্বব্যাংকের বিদায়ী প্রধান ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য একমাত্র প্রার্থী তিনি। ২ জুন কাজ শুরু করবেন বাঙ্গা।
সম্প্রতি বিশ্বব্যাংকের বোর্ড অব মেম্বারস ৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাঙ্গার সাক্ষাৎকার নেয়। এর পরই নির্বাচিত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। আগামী ১ জুন আনুষ্ঠানিকভাবে ম্যালপাসের মেয়াদ শেষ হবে। পরিচালনা পর্ষদের ২৪ সদস্যের ভোটগ্রহণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বব্যাংক পরিচালনায় অনুমোদন পাওয়ায় বাঙ্গাকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। দারিদ্র্য হ্রাস ও বিশ্বব্যাপী সমৃদ্ধি প্রসারিত করার জন্য মানবতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে একে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘অজয় বাঙ্গা একজন রূপান্তরকারী নেতা হবেন। তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে দক্ষতা, অভিজ্ঞতা ও উদ্ভাবন নিয়ে আসবেন।’
তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তনসহ দরিদ্রতা কমানোর যে মূল লক্ষ্য সেটি সরাসরি প্রভাবিত করে এমন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি প্রতিষ্ঠানটিকে সহায়তা করবেন।’
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ‘বাঙ্গা সঠিক নেতৃত্ব ও পরিচালনার দক্ষতা নিয়েই চাকরিতে যোগদান করছেন।’ এছাড়া অতিরিক্ত সংস্কারের জন্য সরকারি-বেসরকারি খাত ও অলাভজনক গোষ্ঠীর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।










