বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে আর্থিক খাতের সুশাসন, আর্থিক প্রতিবেদন, নিয়ন্ত্রক পরিপালন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দেশের আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পেশাদার হিসাববিদদের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট পেশাজীবীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও আইসিএমএবির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

আইসিএমএবির প্রেসিডেন্ট বলেন, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট পেশাজীবীরা আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা, ব্যয় দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দেশের আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও আইসিএমএবির মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলে আরো ছিলেন আইসিএমএবির সহসভাপতি আব্দুল মতিন পাটোয়ারী ও এস এম জহির উদ্দিন হায়দার, কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি আরিফ খান, গণমাধ্যম ও জনসংযোগ কমিটির চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এবং উপপরিচালক মো. মোসলেম উদ্দিন।

—বিজ্ঞপ্তি