রুশ জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম এনার্জি করপোরেশন। প্রাকৃতিক গ্যাস রফতানির জন্য প্রতিষ্ঠানটির খ্যাতি বিশ্বজোড়া। ইউরোপের বাজারে আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ৩৫ শতাংশ একাই জোগান দেয় গ্যাজপ্রম। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউরোপের বাজারে প্রতিষ্ঠানটির পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় এক-পঞ্চমাংশ বা ১৯ শতাংশ কমেছে। এ সময় তুরস্কসহ ইউরোপের দেশগুলোয় সব মিলিয়ে প্রায় চার হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস রফতানি করেছে গ্যাজপ্রম। মূলত নভেল করোনাভাইরাসের মহামারীর ধাক্কায় বছরের শুরু থেকে ইউরোপের দেশগুলো নাস্তানাবুদ হয়ে ছিল। টানা লকডাউনে কার্যত স্থবির হয়ে পড়েছিল আমদানি-রফতানিসহ সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম। এ কারণে ইউরোপের বাজারে গ্যাজপ্রমের প্রাকৃতিক গ্যাস রফতানিতে ধস নেমেছে। বৈশ্বিক মহামারীর জের ধরে চলতি বছর প্রাকৃতিক গ্যাস রফতানি আগের বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কমতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স