প্যারিসে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) ফ্রান্সের পোর্টে দো ভার্সাই প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া এ প্রদর্শনী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ১৩টি বাংলাদেশী ফ্যাশন ও পোশাক সোর্সিং প্রতিষ্ঠান তাদের ডিজাইন প্রদর্শন করছেন।

এবারের আয়োজনে অংশগ্রহণকারী ও দর্শকদের কাছ থেকে প্রচুর আগ্রহ এবং উৎসাহ পরিলক্ষিত হয়েছে। সেখানে ২৮টি দেশের ১ হাজার ২৮০ এরও বেশি প্রদর্শক অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশী প্রদর্শকরা পাকিস্তান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কোরিয়া, তুরস্ক ও তাইওয়ানের মতো প্রধান উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে বৈশ্বিক রেঞ্জের ফ্যাশন পণ্যের প্রদর্শন করছে।

ডেনিম ভিলেজ হল ৭.৩ এর মূল অংশ কাঁচামাল এবং তৈরি পোশাক সরবরাহকারী বাংলাদেশ, চীন, ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক কোম্পানিগুলোকে একত্রিত করছে।

এ প্রদর্শনীতে বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের মধ্যে এশিয়া লিঙ্ক ডিজাইন ও সারা ফ্যাশনওয়্যার তৈরি পোশাক ফ্যাশনের প্রতিনিধিত্ব করছে; ডেনিম সেগমেন্টে আছে অ্যারন ডেনিম, আর্গন ডেনিম, এনজেড ডেনিম ও পাইওনিয়ার ডেনিম।৷

প্রদর্শনী প্রসঙ্গে এনজেড ডেনিমের মার্কেটিং ডিরেক্টর এহসান বলেন, মেলা খুব ভালো চলছে ও সারা বিশ্ব থেকে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলছি। আমরা আশা করছি প্রদর্শনীর বাকি দিনগুলোও ফলপ্রসূ হবে।