চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) জার্মানিতে প্রাকৃতিক গ্যাসের আমদানি কমেছে ৬ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে কেবল জুলাইয়েই কমেছে ৩২ দশমিক ৮ শতাংশ। খবর রয়টার্স।
জার্মানির সরকারি তথ্য বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে প্রাকৃতিক গ্যাসের আমদানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এজন্য কম অর্থ ব্যয় করতে হয়েছে দেশটির। কারণ এ সময়ে জ্বালানি পণ্যটির দাম গত বছরের তুলনায় বেশ কম ছিল।
জার্মানির বাণিজ্য পরিসংখ্যান অফিস বিএএফএর তথ্য বলছে, জানুয়ারি-জুলাই পর্যন্ত সব মিলিয়ে ৮ হাজার ৫৫০ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হয়েছে।
উল্লেখ্য, জার্মানির গ্যাস, বিদ্যুৎ ও কার্বন খাতের ব্যবসায়ীরা মূলত প্রাকৃতিক গ্যাসের আমদানির বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখেন। কারণ পণ্যটির দাম কম-বৃদ্ধির ওপর এসব খাতের ব্যবসা নির্ভর করে। দেশটি সাধারণত রাশিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস, ব্রিটেন ও ডেনমার্ক থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ গ্যাস আমদানি করে।










