বৈশ্বিক ইস্পাত উৎপাদনে চতুর্থ যুক্তরাষ্ট্র। চলতি বছর করোনা মহামারীর স্থবিরতা কাটিয়ে গতি ফিরেছে দেশটির অবকাঠামো নির্মাণ খাতে। ফলে লাফিয়ে বাড়ছে ইস্পাতের চাহিদা। স্থানীয় চাহিদা পূরণে শীর্ষ কোম্পানিগুলো অব্যাহতভাবে বাড়িয়েছে ইস্পাত উৎপাদন।
সম্প্রতি আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট (এআইএসআই) এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার নেট টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ। ওই সময় দেশটি ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার নেট টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল। ১১ মাসে ইস্পাতের জোগান সক্ষমতার হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৬ শতাংশ। গত বছরের একই সময় জোগান সক্ষমতা ছিল ৬৮ দশমিক ১ শতাংশ।
এদিকে ১১ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ১৮ লাখ ১৮ হাজার নেট টনে, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। ওই সপ্তাহে উৎপাদনের পরিমাণ ছিল ১৮ লাখ ৭ হাজার নেট টন। এক সপ্তাহের ব্যবধানে জোগান সক্ষমতা ৮১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৮২ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে।










