মিডল্যান্ড ব্যাংক পিএলসি গত ১১ এপ্রিল এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে সব শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘লিডার্স মিট’ আয়োজন করে। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সমন্বয় জোরদার, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মতামত বিনিময় এবং ব্যাংকের নেটওয়ার্কজুড়ে বিদ্যমান কার্যক্রম ও ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো চিহ্নিত ও সমাধানের পথ খুঁজে বের করা।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও কার্যক্রমগত বিষয়গুলো শোনেন এবং ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন ও সার্বিক কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকার। এছাড়া সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী তার বক্তব্যে টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা নিশ্চিত করতে শক্তিশালী নেতৃত্ব, দলগত কাজ এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংককে দেশের এক নম্বর ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‘লিডার্স মিট’ শাখা ব্যবস্থাপকদের জন্য একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা অভিজ্ঞতা বিনিময়, সমস্যাবলী তুলে ধরতে এবং উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপন করতে পেরেছেন। আলোচনায় ব্যাংকের ব্যবসার প্রবৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং শাখা ও ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় আরো জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয়।

উদ্যোগটি মিডল্যান্ড ব্যাংকের নেতৃত্ব উন্নয়ন, উন্মুক্ত যোগাযোগ বৃদ্ধি এবং সার্বিক ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের প্রতি ধারাবাহিক প্রতিশ্রুতিরই প্রতিফলন।—বিজ্ঞপ্তি