বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩১ জানুয়ারি ডিএসইতে মুন্নু ফ্যাব্রিকসের শেয়ারদর ছিল ১৪ টাকা ৭০ পয়সা। এর পর থেকেই কোম্পানিটির শেয়ারদর ক্রমেই ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ২৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৮১ শতাংশ। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ারের লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মুন্নু ফেব্রিকসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৮ পয়সায়।