সরকারি প্রতিষ্ঠানের আওতায় আন্তর্জাতিক বাজার থেকে যব আমদানি করে কৃষিপণ্যটির সবচেয়ে বড় আমদানিকারক দেশ সৌদি আরব। এবার সেই পথ থেকে সরে আসছে দেশটি। বেসরকারি পর্যায়ে কৃষিপণ্যটির আমদানি শুরুর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এর মধ্য দিয়ে সৌদি আরবের যব আমদানি আরো গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর অ্যারাবিয়ান বিজনেস ও রয়টার্স।

দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়া গ্রেইনস অর্গানাইজেশন এখন থেকে যব আমদানি কমিয়ে আনবে। এর বিপরীতে দেশটির বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দেয়া হবে। এসব প্রতিষ্ঠান যথাযথ নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে যব আমদানি ও তা বিক্রি করতে পারবে।

২০২০-২১ মৌসুমে সৌদি আরবে সব মিলিয়ে ৭৩ লাখ টন যব আমদানির সম্ভাবনা রয়েছে বলে দেশটির সরকারি প্রাক্কলনে বলা হয়েছে, যা তিন মৌসুমের মধ্যে সর্বোচ্চ। আমদানি করা এসব যবের সিংহভাগই দেশটিতে আনা হবে বেসরকারি উদ্যোগে। মূলত সৌদি আরবের আমদানি-রফতানি কার্যক্রমে বেসরকারীকরণের উদ্যোগ বাস্তবায়নের পথে এটিকে অন্যতম কার্যকর কৌশল বলে মনে করা হচ্ছে।

তবে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে সৌদি আরবে যব আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ৭০ লাখ টনে। এর মধ্য দিয়ে আগের মৌসুমের তুলনায় ২০২০-২১ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি কমতে পারে ৬ দশমিক ৫৭ শতাংশ। এর আগের মৌসুমে সৌদি আরবে সব মিলিয়ে ৭৫ লাখ টন যব আমদানি হয়েছে।