বছরের প্রথমার্ধে খারাপ সময় দেখেছে চীনের অন্যতম বৃহত্তম প্রপার্টি ডেভেলপার কান্ট্রি গার্ডেন। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এই সময়ে ৭৬০ কোটি ডলারের ক্ষতি হতে পারে। খবর বিবিসি।

এই ঘোষণাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের জন্য আরেকটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে এক সরকারি পরিসংখ্যান দেখা যায়, দুই বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো মূল্য সংকোচনের কবলে পড়েছে চীন।

সম্প্রতি চীনে রফতানি আয় তীব্রভাবে হ্রাস পেয়েছে। এছাড়া যুবকদের মধ্যে বেকারত্ব রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

কান্ট্রি গার্ডেন গ্রুপ জানায়, গত ৩০ জুন শেষ হওয়া ছয় মাসে তাদের নিট লোকসান ছিল রেকর্ড ৬২০ কোটি ডলার। গত বছরের একই সময়ে সাড়ে ২৬ কোটি ডলার লাভ করেছিল কোম্পানিটি।

কান্ট্রি গার্ডেন জানিয়েছে, ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজে বের করতে সংস্থার চেয়ারম্যান ইয়াং হুইয়ানের নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রেটিং এজেন্সি মুডি'স ‘উচ্চ তারল্য ও পুনঃঅর্থায়নের ঝুঁকি’ উল্লেখ করে কোম্পানির রেটিং কমিয়েছে।

এক সময় চীনের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি ছিল এভারগ্র্যান্ডে। গত মাসে প্রতিষ্ঠানটি জানায়, ২০২১ ও ২০২২ সালে মোট আট হাজার ১১০ কোটি ডলারের ক্ষতি দেখেছে। বর্তমানে আনুমানিক ৩০ হাজার কোটি ডলারের ঋণের সঙ্গে লড়ছে তারা।

সাম্প্রতিক বছরে বেশ কয়েকটি অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে চীন। যা মহামারী পরবর্তী পুনরুদ্ধারের গতি নিয়ে প্রশ্ন তুলেছে।

সপ্তাহের শুরুতে, সরকারী পরিসংখ্যান দেখায় যে জুলাই মাসে দেশের রফতানি পূর্বাভাসের চেয়েও বেশি ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে, আর আমদানি কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। এক বছর আগের একই সময়ের আমদানি-রফতানির সঙ্গে এ তুলনা টানা হয়েছে।

বর্তমানে যুবকদের মধ্যে বেকারত্বে হারে রেকর্ড উচ্চতায় রয়েছে। চলতি বছরে এক কোটি ১৫ লাখ ৮০ হাজার বিশ্ববিদ্যালয় স্নাতক চাকরির বাজারে প্রবেশ করতে পারে।

এদিকে গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমস্যাকে ‘টাইম বোমা’র সঙ্গে তুলনা করেছেন। উটাহ রাজ্যে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে চীনের উচ্চ বেকারত্ব ও বয়স্ক কর্মশক্তির কথা উল্লেখ করেন তিনি।