পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর গত সপ্তাহে ৩৮ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে বন্ডটির ১৯ কোটি ৫৭ লাখ ইউনিট লেনদেন হয়েছে, দৈনিক গড় হিসাবে যা ছিল ৩ কোটি ৯১ লাখ টাকা। এ লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে ফান্ডটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৬ নভেম্বর প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। এর পর থেকে ফান্ডটির ইউনিটের দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটের দর দাঁড়িয়েছে ২০ টাকা ৯০ পয়সায়। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে মার্কেট প্রাইস ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৬ পয়সায়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির ইপিইউ হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে মার্কেট প্রাইস ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ হয়েছে ১৪ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ১৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ট্রাস্টি বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

 তার আগে ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ৮ শতাংশ নগদ, ২০১৯ সালে ৭ শতাংশ নগদ ও ২০১৮ সালে সাড়ে ৮ শতংশ নগদ লভ্যাংশ পান ফান্ডটির বিনিয়োগকারীরা।

মিউচুয়াল ফান্ডটি ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ফান্ডটির মোট ইউনিটের সংখ্যা দুই কোটি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ২ শতাংশ ও ৭৬ দশমিক ৮৩ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২১ দশমিক ১৬ শতাংশ।