প্রায় এক দশক পর মার্কিন বাজারে ফিরতে যাচ্ছে প্যানাসনিক টেলিভিশন। কয়েক দিন আগে এ তথ্য নিশ্চিত করেছে জাপানের অন্যতম গৃহস্থালি পণ্য নির্মাতা কোম্পানিটি। এর মাধ্যমে প্যানাসনিকের প্রিমিয়াম ওএলইডি টেলিভিশন মার্কিন ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। খবর ফোর্বস।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে টিভি বিক্রি বন্ধ করার কথা জানিয়েছিল প্যানাসনিক। কারণ হিসেবে বিশ্লেষকরা জানান, স্মার্ট টিভির বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে অনেকটা পিছিয়ে গিয়েছিল কোম্পানিটি। তবে যুক্তরাষ্ট্রে অন্য পণ্যের বিক্রি অব্যাহত ছিল।
প্যানাসনিক জানিয়েছে, শিগগিরই অ্যামাজন ও কস্টকোর মতো প্রধান মার্কিন চেইন কোম্পানির মাধ্যমে ক্রেতাদের সামনে আনা হবে তিনটি ফ্লাট-প্যানেল মডেলের ওএলইডি ও এলইডি ডিসপ্লে টিভি। এরপর ধীরে ধীরে অন্যান্য মডেল যুক্ত হবে স্টোরে।
এ বিষয়ে প্যানাসনিকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়াসুনারি আনান জানান, মার্কিন টেলিভিশনের বাজারে ফিরে আসা তাদের ভবিষ্যৎ লক্ষ্যের মাঝে ছিল। গত মার্চে শেষ হওয়া অর্থবছরে বিশ্বব্যাপী প্যানাসনিক আয় করেছিল ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন বা ৫ হাজার ৯৭০ কোটি ডলার। এর মধ্যে মার্কিন ক্রেতাদের হাত ধরে এসেছে ২৪ শতাংশ অর্থ।










