জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ১ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নভেল করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে অন্যান্য খাতের মতো জাপানের ইস্পাত উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছর পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হওয়ায় ধাতুটির চাহিদা বাড়ছে। এ কারণেই উৎপাদন বাড়াচ্ছেন সংশ্লিষ্টরা। বছরের দ্বিতীয় প্রান্তিকেও উৎপাদন বৃৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল মন্ত্রণালয়। বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ জাপান। পূর্বাভাস অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত দেশটি সব মিলিয়ে ২ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করবে। গত বছরের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টন। গাড়ি ও যন্ত্রাংশসহ অন্যান্য শিল্প খাতে আকাশছোঁয়া চাহিদার কারণে ধাতুটির উৎপাদন বাড়াচ্ছে জাপান।

মন্ত্রণালয় আরো জানায়, রফতানি ও স্থানীয় বাজারে ইস্পাতজাত পণ্যের চাহিদা বাড়বে। জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত চাহিদার পরিমাণ দাঁড়াবে ২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। এদিকে ইস্পাত ও ইস্পাতজাত পণ্য রফতানি বাড়ার পূর্বাভাস দিয়েছে মন্ত্রণালয়। পূর্বাভাস অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে ইস্পাত রফতানি ২৬ দশমিক ৭ শতাংশ বাড়বে। এ সময় ৭৩ লাখ ৫০ হাজার টন ইস্পাত বিশ্ববাজারে সরবরাহ করবে জাপান।