পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ট্রিপল এ। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত ২৯ অক্টোবর পর্যন্ত ব্যাংক দায় ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য তথ্যের ভিত্তি এ রেটিং করে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩৯ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৪৮ টাকা ৮৮ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শমরিতা হসপিটালের পরিচালনা পর্ষদ।
সমাপ্ত ২০২১ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮৯ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটি ৬৪ টাকা থেকে ১১৬ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










