বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই হাজারের বেশি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আইইউবিএটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদকাসক্তি প্রতিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, বিপণন বিশেষজ্ঞ ড. সৈয়দ আলমগীর, ইউনিকো হসপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েন এবং ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আয়মান সাদিক।
অনুষ্ঠানে অ্যালামনাই প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফার্স্ট অফিসার মাশরুফা করিম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। সমাপনী বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া তারা শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা, সৃজনশীল সমস্যা সমাধান, দলবদ্ধ কাজের দক্ষতা এবং সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব বোঝান। একই সঙ্গে তারা আইইউবিএটিকে জ্ঞান, গবেষণা, উদ্ভাবনী উদ্যোগ এবং ক্যারিয়ার উন্নয়নের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে বিভিন্ন বিভাগ ও অনুষদে নবীন শিক্ষার্থীদের জন্য পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী এ আয়োজনের সমাপনী পর্বে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট। জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর বিশেষ পরিবেশনা নবীন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।










