মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা শুরু করেছে ভারত ও রাশিয়া। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন দুই দেশের একাধিক মন্ত্রী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে ভারতের। নতুন এফটিএ সই হলে এ সম্পর্ক নতুন মাত্রা পাবে। খবর রয়টার্স।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, রাশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নে অগ্রসর পর্যায়ের আলোচনা হয়েছে। রাশিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডেনিস মানতুরুভ জানান, উভয় দেশে দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়বে।
ঐতিহ্যগতভাবে ভারতের অস্ত্রের অন্যতম প্রধান সরবরাহকারী ছিল রাশিয়া। জ্বালানি তেল সরবরাহে গত মাসে ইরাককে ছাড়িয়ে ভারতের শীর্ষ সরবরাহকারী হিসেবেও দাঁড়িয়েছে দেশটি। ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে রাশিয়া থেকে ভারতের আমদানি প্রায় চার গুণ বেড়ে ৪ হাজার ৬৩৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।
বাণিজ্য ভারসাম্য নিশ্চিতে ভারত থেকে যন্ত্রাংশ আমদানি বাড়াতে চায় মস্কো। গতকাল মানতুরুভ বলেন, ‘আমরা কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উৎস হিসেবে ভারতকে বিবেচনা করছি।’
গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাঁচ শতাধিক পণ্য আমদানি করতে চায় রাশিয়া। গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে রয়েছে গাড়ি, উড়োজাহাজ ও ট্রেন।
সামরিক সরঞ্জামাদির বৃহত্তম সরবরাহকারী রাশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ভারত। এক্ষেত্রে ওষুধ খাত হতে পারে একটি আকর্ষণীয় খাত। ভারতের ওষুধ খাতের চতুর্থ বৃহৎ বাজার রাশিয়া।










