তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকে (চলতি ২০২২ সালের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই) ইউনিটহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড) নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের ট্রাস্টি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুলাই। সম্প্রতি অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে এপিএসসিএল বন্ড।

এর আগে গত বছরের ৫ জুলাই থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় বছরের দ্বিতীয়ার্ধের জন্য ইউনিটহোল্ডারদের কুপন রেট ৮ দশমিক ৫০ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে করপোরেট বন্ডটি। ২০২০ সালের ১৬ জানুয়ারি পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে এপিএসসিএল বন্ডটি।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আশুগঞ্জ পাওয়ারের সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য এপিএসসিএল বন্ডের আইপিও সাবস্ক্রিপশন অনুষ্ঠিত হয়। বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে আশুগঞ্জ পাওয়ার। আইপিও তহবিল সংগ্রহের মাধ্যমে ৪০০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের পরিকল্পনা ছিল কোম্পানির। এর মধ্যে ভূমি উন্নয়ন ও সিভিল ওয়ার্কের জন্য ৪৬ কোটি ৮০ লাখ, প্রাথমিক জ্বালানি বাবদ ৩০ কোটি, যানবাহন ক্রয়ে ৩ কোটি ৬০ লাখ, প্রকৌশলী ও পরামর্শক সেবার জন্য ৪ কোটি ৪০ লাখ, চলতি মূলধন বাবদ ১০ কোটি ৯৯ লাখ ও আইপিও খরচ খাতে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়।