পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের উৎপাদিত পণ্যের বিষয়ে গ্রাহকদের অভিজ্ঞতা জানার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য কোম্পানিটি একটি হটলাইন চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকদের সব ধরনের প্রশ্নের উত্তর দেয়া হবে। সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত হার্ডগুডস রিসেলারস সম্মেলনে এ কাস্টমার এক্সপেরিয়েন্স (সিএক্স) গঠনের ঘোষণা দেয়া হয়। লিন্ডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার পাই সিএক্স টিম গঠনের কথা ঘোষণা করেন।

লিন্ডে বাংলাদেশের পক্ষে জানানো হয়, গ্রাহকদের মতামত জানা এবং তাদের সঙ্গে মতবিনিময়ের ক্ষেত্রে সম্মেলনটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। ‘একসাথে বিজয়ের পথে (উইনিং টুগেদার)’ শিরোনামে ২০২২ সালে সারা দেশে এমন ১৫টি অনুষ্ঠান আয়োজন করতে চায় কোম্পানিটি। লিন্ডের তৈরি করা ওয়েল্ডিং ইলেকট্রোডস  দেশে তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ একটি অংশ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ১৩৬ কোটি ৩৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১২৭ কোটি ৪৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৮ কোটি ৯২ লাখ টাকা বা ৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২৮ কোটি ৭৩ লাখ টাকা।