মজুরি বোর্ড কাজ করছে।  নভেম্বরেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে।  ডিসেম্বর মাস থেকে বর্ধিত হারে গার্মেন্টস শ্রমিকরা বেতন পাবেন।  এখানে তিনটা পক্ষ। শ্রমিক মালিক আর সমন্বয় করছে সরকার।  এখন শ্রমিকরা একটা বলেছে, আমরা একটা বলেছি।  এর প্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি যা নির্ধারণ করবে আমরা তাই মেনে নেব।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির সভাপতি ফারুক হাসান।

বিজিএমইএ সভাপতি বলেন, বহিরাগতদের উস্কানিতে গার্মেন্টস কারখানা ভাঙচুর করা হচ্ছে। কাজ না করে নৈরাজ্য করা হলে, কারখানা চালু রাখার পরিবেশ না থাকলে 'মজুরি ছাড়াই কাজ বন্ধ' রাখা হবে।  শ্রম আইনের ১৩/১ ধারায় মালিক এটি করতে পারবেন।

এখন কয়টি কারখনা বন্ধ রয়েছে? পরিস্থিতি কোন পর্যায়ে গেলে বন্ধ করা হচ্ছে— বণিক বার্তার এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, আমাদের শ্রমিকরা ভাঙচুর করছে না। বহিরাগরা এসে ভাঙচুর চালাচ্ছে।  তবে এটা সত্য আমাদের কোনো কোনো শ্রমিকও থাকছে।  এখন পরিস্থিতি যদি এমন হয়, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।  বহিরাগতদের থেকে আমাদের শ্রমিকদের নিরাপত্তা দেয়া যাচ্ছে না, তখন কেউ কেউ কারখানা বন্ধ করে দিচ্ছেন।