স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়েছে ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।
গতকাল শুক্রবার(৩মে) ‘Time marches on but memories stay’ শিরোনামে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান। তিনি কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল ফটোসেশন, স্পোর্টস, র্যাফেল ড্রসহ নানান জমকালো আয়োজন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং তাদের পরিবারের মাঝে হাসি, আনন্দ, স্মৃতিচারণ, আড্ডা ও কোলাহলে মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার- ব্রিগে. জেনা. মো. জামাল হোসেন এবং কোষাধ্যক্ষ ড. মো. হাসান কাওসার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এএমএম হামিদুর রহমান এবং তৌহিদা ইয়াসমিন হুমায়রা। বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে তিনি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। - বিজ্ঞপ্তি










