কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রভাবে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে চাহিদা বাড়ছে। বিশেষ করে এআই ডেটা সেন্টারে ব্যবহৃত উচ্চক্ষমতার মেমোরি চিপের চাহিদা বেড়ে যাওয়ায় বড় সুবিধা পাচ্ছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। খবর রয়টার্স।
কোম্পানিটির সেমিকন্ডাক্টর বিভাগে পরিচালন মুনাফা চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ২৫০ গুণের বেশি বেড়েছে। এ সময় বিভাগটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮৯ দশমিক ২ ট্রিলিয়ন ওন। এটি বাজার বিশ্লেষকদের গড় পূর্বাভাস ৭৯ দশমিক ৩ ট্রিলিয়ন ওনকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে স্যামসাংয়ের নিট মুনাফা হয়েছে ৭১ দশমিক ৩ ট্রিলিয়ন ওন। তবে মোবাইল ও নেটওয়ার্ক বিভাগ গত প্রান্তিকে লোকসানে পড়েছে।
স্যামসাং জানায়, কোম্পানিটি উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এআই ডেটা সার্ভারে ব্যবহৃত উচ্চ-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) ও স্টোরেজ চিপের চাহিদা সরবরাহের তুলনায় বেশি থাকায় বাজারে ঘাটতি অব্যাহত রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক এমএস হুয়াং বলেন, ডিআরএএম মেমোরির বাজারে স্যামসাং নেতৃত্ব আরও শক্তিশালী করছে। মেমোরি ব্যবসায় নিজেদের অবস্থান কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে বাজার অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে।
এর আগে স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সও এপ্রিল-জুন প্রান্তিকে পরিচালন মুনাফা ৫৫৭ শতাংশ বৃদ্ধির তথ্য জানায়। যদিও এ ফলাফলও বাজারের প্রত্যাশার চেয়ে কিছুটা কম।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির বিস্তারের কারণে আগামী কয়েক বছর উচ্চক্ষমতার মেমোরি চিপের চাহিদা শক্তিশালী থাকতে পারে। তবে একই সঙ্গে বিপুল বিনিয়োগ, ঋণের চাপ ও প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে অস্থিরতাও অব্যাহত থাকতে পারে। ফলে এআইনির্ভর প্রবৃদ্ধি ধরে রাখতে চিপ নির্মাতাদের প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি উৎপাদন ও বিনিয়োগের ভারসাম্যও বজায় রাখতে হবে।









