অতিধনীদের বিলাসিতা নিয়ে গল্প-গুঞ্জন সবসময় সত্য হয় এমন নয়, অনেক অতিকথনও থাকে। তাদের দুর্যোগকালীন বাংকার নিয়েও তেমন অনেক কিছু শোনা যায়। আজকাল অনেক অতিধনী নিরাপত্তাজনিত কারণে আবাসস্থলকে বিলাসবহুল ও উচ্চ প্রযুক্তির বাংকারে রূপান্তর করছেন। অনাহূত প্রবেশকারীকে ঠেকানোসহ যেকোনো ভয়াবহ দুর্ঘটনা ও হুমকি মোকাবেলার ব্যবস্থা রাখেন তারা। সঙ্গে লম্বা সময় কাটানোর জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও বিনোদনের ব্যবস্থাও রাখা হচ্ছে। এ ধরনের প্রকল্পে পরিষেবা দাতা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক্যালি আর্মার্ড অ্যান্ড ফর্টিফায়েড এনভায়রনমেন্ট বা সেফ। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আল কর্বি কয়েক দশক ধরে নিরাপদ বাংকার ও বিলাসিতার পথপ্রদর্শকদের একজন। তার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মুম্বাইয়ের ২৭ তলা বাড়ি এবং যুক্তরাষ্ট্রে ২০০ একর জমির ওপর নির্মিত বাড়ির বাংকার। এসব দুর্গে রয়েছে বিস্ফোরক প্রতিরোধী দরজা, বিশেষায়িত জানালা, বায়োমেট্রিক সিস্টেম ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এসব বৈশিষ্ট্য একটি বাংকারের একদম প্রাথমিক পরিষেবার অন্তর্ভুক্ত। আজকাল নিরাপত্তার পাশাপাশি বাংকার নির্মাণে বিনোদনকে প্রধান্য দেয়া হয়। যার মধ্যে রয়েছে গো-কার্ট ট্র্যাক হিসেবে ভূগর্ভস্থ সুড়ঙ্গ, সিনেমা সেটআপসহ নিরাপদ ঘর। সেই সঙ্গে রয়েছে গোপন পথ। মার্ক জাকারবার্গের হাওয়াই কম্পাউন্ড বা বিল গেটসের একাধিক বাংকার এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন। গোপন দরজা ও প্যাসেজ অতিধনীদের বাংকারে সাম্প্রতিক এক সংযোজন। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্রিয়েটিভ হোম ইঞ্জিনিয়ারিং এ ধরনের পরিষেবা পরিকল্পনায় সাহায্য করে। তাদের দেয়া পরিষেবার মধ্যে রয়েছে ঘূর্ণায়মান ফায়ারপ্লেস, ফ্লাইট সিমুলেটরসমৃদ্ধ কমপ্লেক্স ও হাঙর ট্যাংক ইত্যাদি। তবে কভিড-১৯ মহামারীর পর চিকিৎসাসেবা নেয়া যায় এমন বৈশিষ্ট্যসংবলিত কক্ষের চাহিদা বেড়েছে। সেফের প্রেসিডেন্ট আল কর্বিও ঐতিহ্যবাহী বাংকারের তুলনায় চিকিৎসাকে অগ্রাধিকার দেয়ার ওপর জোর দেন। তার মতে, বাংকারের সময় কাটানোর সময় মৌলিক বিষয়গুলোর ওপর মনোযোগ দেয়া উচিত। এ কারণে বিলাসবহুল বাংকারে উন্নত চিকিৎসা সুবিধার পক্ষে কথা বলেন আল কর্বি। তাই তার ডিজাইন করা বাংকারে অপারেটিং থিয়েটারও থাকছে। খবর ও ছবি সিএনএন