চীনের কারখানা কার্যক্রম জুলাইয়ে টানা চতুর্থ মাসের জন্য সংকুচিত হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিকে আরো সম্প্রসারণে নতুন ব্যবস্থা প্রকাশ করায় এ প্রভাব পড়েছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) অনুসারে কারখানার উৎপাদন পরিমাপক সূচক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৪৯ দশমিক ৩-এ নেমে গেছে। পিএমআই ৫০ পয়েন্টের নিচে গেলে তা উৎপাদন সংকোচন ও ওপরে গেলে সম্প্রসারণ নির্দেশ করে। খবর রয়টার্স।

জুলাইয়ের রিডিং জুনের ৪৯ পয়েন্টের চেয়ে সামান্য বেশি ছিল, যা মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ব্লুমবার্গের পূর্বাভাসের চেয়ে কিছুটা বেশি। কভিড-১৯ উত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম থেমে যাওয়ায় চীন প্রবৃদ্ধি বাড়াতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে ভোক্তারা ব্যয় কমিয়ে দেয়ায় পরিস্থিতি কঠিন হয়েছে। পরিষেবা ও নির্মাণ খাতে ব্যবসায়িক মনোভাব পরিমাপক নন-ম্যানুফ্যাকচারিং পিএমআই জুনে ৫৩ দশমিক ২ থেকে জুলাইয়ে ৫১ দশমিক ৫ পয়েন্টে নেমে এসেছে। কারণ হিসেবে পুঁজিবাজারে পরিষেবা ও রিয়েল এস্টেটের খাতের নিম্নমুখী প্রবণতাকে দায়ী করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোয় হতাশাজনক অর্থনৈতিক ডাটা কর্মকর্তাদের অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেয়ার বার্তা দিচ্ছে। সোমবার সরকার আবাসন চাহিদা, সংস্কৃতি ও পর্যটন খাত এবং বিদ্যুচ্চালিত গাড়ির মতো পরিবেশবান্ধব কার্যক্রমে ব্যয় বাড়ানোর জন্য ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছে।