ঋণ নিয়ে রূপালী ব্যাংকের সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের দ্বন্দ্ব বেশ পুরনো। শেষ পর্যন্ত ঋণের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। রূপালী ব্যাংকের পক্ষ থেকে ঋণের সুদে ছাড় দেয়া হয়েছে এবং কোম্পানি এ ছাড়ের সুবিধা নিয়ে ঋণটি চূড়ান্তভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
তথ্যানুসারে, গত ৩১ মার্চ পর্যন্ত রূপালী ব্যাংকের রমনা করপোরেট শাখার কাছে লিগ্যাসি ফুটওয়্যারের ঋণের পরিমাণ ছিল ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। তবে ব্যাংকের কাছ থেকে সুদ ছাড় পাওয়ার পর কোম্পানিটিকে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা পরিশোধ করতে হবে। এ অর্থ পরিশোধ করলেই পুরো ঋণের বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। ঋণের অর্থ পরিশোধের জন্য তহবিল সংগ্রহে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াবে বলে পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬ পয়সা। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৩ পয়সায়।
২০০০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা। কোম্পানি পুঞ্জীভূত লোকসান রয়েছে ২৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৯৮০।










