সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) একটি মাইক্রোবাস উপহার দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসটি হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আজীম। সীমান্ত ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ‘মাইক্রোবাসটি শাবিপ্রবির প্রশাসনিক ও শিক্ষা-সংক্রান্ত যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। ব্যাংকের এমন উদ্যোগে প্রশংসা করে তিনি বলেন, ‘ব্যাংকিং ও প্রযুক্তির ক্ষেত্রে সীমান্ত ব্যাংক যেসব অগ্রগামী পরিকল্পনা করছে, সেগুলো বাস্তবায়নে শাবিপ্রবির শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে কাজ করতে সক্ষম হবে।’
অন্যদিকে সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও মো. নুরুল আজীম ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে সামাজিক কল্যাণমূলক ও ব্যাংকিং কার্যক্রমের পরিধি বাড়িয়ে সীমান্ত ব্যাংক বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা করবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার (সিলেট) কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিবহন প্রশাসক, প্রভোস্ট, হিসাব পরিচালক, সহকারী প্রক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










