আগামী বছর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছে গোল্ডম্যান স্যাকস। সরবরাহ ব্যবস্থার জটিলতা কমায় এবং বেতন বৃদ্ধি ধীর হওয়ায় এমনটা হবে বলে আশা করছে মার্কিন বহুজাতিক ব্যাংকটি। খবর রয়টার্স।

গোল্ডম্যান স্যাকস এক বিবৃতিতে জানায়, বর্তমানে কোর পারসোনাল কনজাম্পশন এক্সপেনডিচার (পিসিই) ৫ দশমিক ১ শতাংশে রয়েছে। ফেডারেল রিজার্ভের পছন্দের এ মূল্যস্ফীতির পরিমাপ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ২ দশমিক ৯ শতাংশে নেমে আসবে।

গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাসের কিছুদিন আগে ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সতর্ক করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক তার পরবর্তী সভায় সুদের হার বৃদ্ধির গতি ধীর করার বিষয়টি বিবেচনা করতে পারে। তবে মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়ার বিষয়টি হালকাভাবে নেয়া উচিত হবে না।

গত সপ্তাহে মার্কিন বহুজাতিক ব্যাংকটি জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি গত অক্টোবরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে।