চীন ২০২৪ সাল পর্যন্ত প্রাইমারি অ্যালুমিনিয়াম (অব্যবহূত ধাতু) উত্তোলন বাড়াবে। এ সময়ের মধ্যে ধাতুটির উত্তোলন রেকর্ড সর্বোচ্চে পৌঁছবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গবেষণাপ্রতিষ্ঠান অ্যানটেইক। তবে এরপর প্রাইমারি অ্যালুমিনিয়ামের জায়গা দখল করবে নবায়নযোগ্য ধাতু। খবর রয়টার্স।

চীন এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উত্তোলনকারী দেশ। সর্বশেষ বছর দেশটি রেকর্ড সর্বোচ্চ অ্যালুমিনিয়াম উত্তোলন করেছে। এ সময় ৩ কোটি ৭০ লাখ ৮০ হাজার টন অ্যালুমিনিয়াম উত্তোলন করা হয়। দেশটির সরকার অ্যালুমিনিয়াম বিগলন সক্ষমতা ৪ কোটি ৫০ লাখ টনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কার্বন নিঃসরণ কমানোর চাপে উত্তোলনের পরিবর্তে বাজেয়াপ্ত ধাতু নবায়নের প্রতি মনোযোগ বাড়িয়েছেন দেশটির উত্তোলকরা।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্স কর্তৃক আয়োজিত এক ওয়েবিনারে অ্যানটেইকের প্রধান অ্যালুমিনিয়াম বিশেষজ্ঞ শিয়ং হুই বলেন, চীনে দীর্ঘদিন ধরে অ্যালুমিনিয়াম ব্যবহার ঊর্ধ্বমুখী। তবে ব্যবহারের মাত্রা ধীরে ধীরে কমছে। সেকেন্ডারি অ্যালুমিনিয়াম উৎপাদন ক্রমান্বয়ে বাড়বে। এর সঙ্গে তাল মিলিয়ে কমবে প্রাইমারি অ্যালুমিনিয়ামের চাহিদা।

শিয়ং আরো বলেন, অ্যালুমিনিয়াম উত্তোলন জ্বালানিনির্ভর একটি খাত। এর উত্তোলন বজায় রাখলে কার্বন নিঃসরণ কমিয়ে আনা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। অথচ কার্বন নিঃসরণ কমিয়ে আনা অত্যন্ত জরুরি। অ্যানটেইক মনে করছে, প্রাইমারি অ্যালুমিনিয়াম খাত ২০২৫ সাল পর্যন্ত কার্বন নিসঃরণ বাড়াবে।