দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া। গতকাল ডিএসইর ১১০৯তম পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ফেব্রুয়ারি তার নিয়োগ অনুমোদন দেয়।
স্নেহাশীষ বড়ুয়া একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে তার পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য (এফসিএ)।
পেশাগত জীবনে তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোম্পানিতে (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল) পার্টনার এবং রহমান রহমান হকে (কেপিএমজি ইন্টারন্যাশনাল) সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা পিএলসিতে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষায়িত অভিজ্ঞতা অর্জন করেন।
তিনি ২০২২ সালে গঠিত আইটিএর রিভিউ কমিটির সদস্য এবং ২০২৫ সালে গঠিত জাতীয় কর কাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।










