সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩২ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৬৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৩ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৩ অক্টোবর শমরিতা হসপিটালের শেয়ারদর ছিল ৭৪ টাকা ৮০ পয়সা। সর্বেশষ গত বৃহস্পতিবার এ দর দাঁড়িয়েছে ১০০ টাকা ৮০ পয়সায়।

নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৮২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ৪৮ টাকা ৮৮ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শমরিতা হসপিটালের পরিচালনা পর্ষদ। 

সমাপ্ত ২০২১ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা। 

কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ট্রিপল এ। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত বছরের ১৪ নভেম্বর পর্যন্ত ব্যাংক দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং করে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। 

শমরিতা হসপিটাল পুঁজিবাজারে আসে ১৯৯৭ সালে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৯ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৭ কোটি ৫ লাখ টাকা।