পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কায়সার কবীর কোম্পানিটির ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার কিনবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনাটা লিমিটেড ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিটির ওষুধ রফতানি হচ্ছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১। এর মধ্যে ৫১ দশমিক ২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯ দশমিক ৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২২ দশমিক ৬৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬ দশমিক ৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৮৬০ কোটি ৩৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৯৪ কোটি ৬৮ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮৫ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০৯ কোটি ৮৮ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৩০ পয়সা।
২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৯১৮ কোটি ২০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৫৭ কোটি ৬১ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৮৫ কোটি ১৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৫ কোটি ৩৫ লাখ টাকা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৬ টাকা ১৮ পয়সায়।
ডিএসইতে গতকাল রেনাটা লিমিটেডের শেয়ার সর্বশেষ ৯৭৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৯৭৬ থেকে ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে।










