খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় আয় ও কর-পরবর্তী মুনাফা দুটোই বেড়েছে। এ সময়ে কোম্পানিটির বিক্রি বাবদ আয় আগের হিসাব বছরের তুলনায় ২০ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি নিট মুনাফা বেড়েছে ২৯ দশমিক ১৩ শতাংশ। একই সঙ্গে কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিক্রি বাবদ আয় হয়েছে ২ হাজার ৫৭৮ কোটি ৫২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ হাজার ১৪৩ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৫ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১২০ কোটি ৫১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ১২ পয়সায়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৬ টাকা ৮৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা। 

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ১৯ পয়সা, যা আগের বছরে ছিল ১০ টাকা ১৩ পয়সা। 

সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৩৬ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। এর মধ্যে ৪৪ দশমিক ৬৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯ দশমিক ৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২৪ দশমিক ৮৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজ শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৫৯ টাকা ৯০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের দর ১১৩ টাকা ৫০ পয়সা থেকে ১৮০ টাকার মধ্যে ওঠানামা করে।