চীনে প্রথম রেস্তোরাঁ খুলল লুই ভিতোঁ। ফরাসি ফ্যাশন ব্র্যান্ডটি এ ব্যবসার জন্য দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদু শহরকে বেছে নিয়েছে। সাম্প্রতিক সময়ে বিলাসবহুল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রথম স্তরের শহরগুলোর বাইরে মনোনিবেশ করছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

স্বস্তিদায়ক সংস্কৃতি ও হটপট খাবারের জন্য পরিচিত সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর জনসংখ্যা ২ কোটি ১০ লাখের বেশি। সেখানকার বাসিন্দাদের শক্তিশালী ব্যয় ক্ষমতার জন্য বিলাসবহুল ব্র্যান্ডগুলোর জন্য প্রদেশটি একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। যেমন ফ্যাশন জায়ান্ট কেরিংয়ের মালিকানাধীন চেংদুর গুচির স্টোরটি ২০২১ সালে সংস্থাটির সর্বোচ্চ আয়ের দোকান ছিল।

দ্য হল নামে লুই ভিতোঁর রেস্তোরাঁটি গুয়াংডং হলের মধ্যে অবস্থিত। এটি সংস্থাটির বিশ্বজুড়ে পঞ্চম রেস্তোরাঁ। দ্য হল জাপানে দুটি এবং দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে একটি করে অবস্থিত। সেখানে দুপুর ও রাতের খাবার এবং বিকালের চা পরিবেশন করা হয়। রেস্তোরাঁটির খাবার তৈরিতে ক্ল্যাসিক ফ্রেঞ্চ ও ভূমধ্যসাগরীয় উভয় রন্ধনপ্রণালি অনুসরণ করা হয়।