বিশ্বের শীর্ষ আকরিক লোহা রফতানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় ব্রাজিল। করোনা মহামারীর প্রভাবে দেশটির বিপর্যস্ত অর্থনীতির চাকা সচল হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারে আকরিক লোহা সরবরাহ বাড়িয়েছে ব্রাজিল। খবর মাইনিংডটকম ও মেটাল বুলেটিন।

ব্রাজিলের অর্থ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে দেশটির আকরিক লোহা রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১৯ শতাংশ বেড়েছে, যা গত নয় মাসের রেকর্ড সর্বোচ্চ রফতানি।

ব্রাজিল ও বিশ্বের শীর্ষ আকরিক লোহা উত্তোলনকারী প্রতিষ্ঠান ভ্যালে এসএ। মন্ত্রণালয় জানায়, উৎপাদন ঘাটতি ও লোকসানের কারণে প্রতিষ্ঠানটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি উত্তোলন কেন্দ্র বন্ধ করে দেয়। এতে রফতানি কমে আসার আশঙ্কা তৈরি হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ঊর্ধ্বমুখী দামের কারণে উৎপাদন ঘাটতি সত্ত্বেও রফতানি বৃদ্ধি করে ভ্যালে। এটি ব্রাজিলের মোট আকরিক লোহা রফতানিকে ত্বরান্বিত করেছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, জুনে ব্রাজিল বিশ্ববাজারে ৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টন আকরিক লোহা রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১৯ শতাংশ বেশি। মে মাসের তুলনায় রফতানি বেড়েছে ২৬ দশমিক ৩ শতাংশ।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে পণ্যের দাম ক্রমেই বাড়ছে। চীনে চাহিদার উল্লম্ফনে আকাশচুম্বী হচ্ছে আকরিক লোহার দাম। এমন পরিস্থিতিতে বাজার ধরে রাখতে ধাতুটির রফতানি জোরদার করছে ব্রাজিল।