আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)-এর মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম শিক্ষা সম্মেলন ‘১০ম কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন) কনফারেন্স ২০২৫’। ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমির সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠান ২৪ ও ২৫ অক্টোবর এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মিডিয়া ট্রান্সফর্মড: বাংলাদেশ অ্যাট এ ক্রসরোডস’। সম্মেলনে আলোচকরা বাংলাদেশের গণমাধ্যমের পরিবর্তন, প্রযুক্তির প্রভাব, সাংবাদিকতার স্বাধীনতা ও নতুন প্রজন্মের মিডিয়া শিক্ষার দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।

গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফয়েজ। তিনি বলেন, গণমাধ্যম শিক্ষা আজ শুধু সংবাদপাঠ নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য যাচাই, কনটেন্ট ক্রিয়েশন ও নৈতিক সাংবাদিকতা শেখার ক্ষেত্র।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। বিশেষ অতিথি ছিলেন ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার মিস জিমি আমির। এছাড়া অনুষ্ঠানে ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা, বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস)-এর ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এ. জে. এম. শফিউল আলম ভূঁইয়া।

দুদিনব্যাপী কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা ও একাডেমিক পেপার সেশন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া শিক্ষক, গবেষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।- বিজ্ঞপ্তি