বাণিজ্যিক ব্যাংকগুলোকে গণভোটে ‘হ্যা’-এর প্রচারণার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৬ জানুয়ারি) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের সব শাখার সামনে জুলাই জাতীয় সনদ ২০২৫ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর উপর গণভোট বিষয়ক জনসচেতনতামূলক ব্যানার টানাতে হবে। এতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা ৫ জানুয়ারি ২০২৫ থেকে আসা নির্দেশনা অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর উপর গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২টি খাড়া ব্যানার প্রিন্ট করে আপনাদের ব্যাংকের সব শাখা ও উপশাখার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এর আগেই ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে গণভোটে হ্যাঁ-এর প্রচারণার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কিছু কিছু ব্যাংক সেটি বাস্তবায়নও করেছে। তবে কোনো কোনে ব্যাংক দাবি করে লিখিত নির্দেশনা ছাড়া প্রচারণা করবে না। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার এইনির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক।










