চীনের সয়াবিন আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। অক্টোবরে তেলবীজটির আমদানি ৪১ দশমিক ২ শতাংশ কমে যায়। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ তথ্য জানিয়েছে।

চীন বিশ্বের শীর্ষ সয়াবিন ক্রেতা দেশ। অক্টোবরে দেশটি ৫১ লাখ ১০ হাজার টন সয়াবিন আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৮৬ লাখ ৯০ হাজার টন।

বাজার বিশ্লেষকরা বলছেন, গত মাসে চীনের সয়াবিন আমদানি দেড় বছরের সর্বনিম্নে নেমেছে। সয়াবিন মাড়াই প্রতিষ্ঠানগুলোয় চাহিদা কমে গেছে। একই সঙ্গে হারিকেন আইডার কারণে যুক্তরাষ্ট্রের রফতানি প্রতিবন্ধকতার মুখে পড়েছে। এসব কারণেই আমদানি কমেছে।

শুল্ক বিভাগের তথ্য বলছে, শুধু গত বছরই নয়, চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায়ও আমদানি কমেছে। ওই মাসে দেশটি ৬৮ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করে। এদিকে বছরের প্রথম ১০ মাসে আমদানি কমেছে ৫ শতাংশ। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৯০ লাখ ৮০ হাজার টনে।