ইতালির সবচেয়ে জনপ্রিয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি খাবার পাস্তা। পাস্তার দাম কেন বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে আলোচনার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। খবর সিএনএন।
ইতালির উদ্যোগ (এন্টারপ্রাইজ) বিষয়কমন্ত্রী অ্যাডলফো উরসো রোমের আইনপ্রণেতা, পাস্তা উৎপাদক ও ভোক্তা অধিকার গ্রুপগুলোর একটি কমিশনের চেয়ারপারসন। তিনিই মূলত পাস্তার দাম কমিয়ে আনতে কী করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করতে চান। গত মার্চে পাস্তার দাম ২০২২ সালের একই মাসের তুলনায় ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এপ্রিলে একটু কমলেও তা বেড়েছে ১৬ দশমিক ৫ শতাংশ।
ইতালির মোট ভোক্তা মূল্যস্ফীতির তুলনায় এ বৃদ্ধি প্রায় দ্বিগুণ। সম্প্রতি কয়েক মাসে এর মূল উপাদান গমের দাম কমে যাওয়া সত্ত্বেও পাস্তার দাম বেড়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বলছে, সেখানে মোট মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১ শতাংশ।
উরসোর এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, বেশকিছু উৎপাদক এরই মধ্যে নিশ্চয়তা দিয়েছে পাস্তার দামের এ বৃদ্ধি সাময়িক ও কাঁচামালের দাম বেশি থাকার সময়ে বানানো পাস্তাগুলো বিক্রি করে ফেলার জন্যই এখন এগুলোর দাম বেশি।
ভোক্তা অধিকার সংস্থা আসুতেন্তির প্রেসিডেন্ট ফুরিও ট্রুজ্জি গত মাসে এক বিবৃতিতে বলেন, ‘এটি জাতীয় তাৎপর্যপূর্ণ সমস্যা। প্রতি বছর ইতালিয়ানরা গড়ে ২৩ কিলোগ্রাম পাস্তা খায়। এটি একটি ফ্লাইটে একজন যাত্রীকে যতটা মালপত্র বহনের সুযোগ দেয়া হয় তার সমান।’
তিনি বলেন, ‘ইতালিয়ানরা অনেক বেশি ভালোবাসে যেসব খাবার তার একটি পাস্তা। কিন্তু গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে পাস্তা তৈরির কিছু উপাদানের দাম বেড়ে যায় আর তাতে উচ্চমূল্যের সুনামি তৈরি হয়।’










