এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করার পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমেছে। রিজার্ভ থেকে আজ বিল বাবদ প্রায় ১৩৭ কোটি ডলার ডলার পরিশোধ করা হয়েছে। ফলে মোট রিজার্ভ কমে হয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন বা ৩ হাজার ৪১০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত ৫ মার্চ দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম ৬) অনুযায়ী, রিজার্ভের আকার ছিল ৩০ দশমিক ৬৭ বিলয়ন ডলার। আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রফতানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। বছরের শুরুতে ছিল ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধরে রাখতে ব্যাংকগুলো থেকে ডলার কেনার কারণে রিজার্ভের পরিমাণ বাড়তে থাকে। সবশেষ গত ৫ মার্চ দেশের গ্রস রিজার্ভ ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে।